বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দ শামসুল হক স্মরণসভা
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা: ৯ অক্টোবর ২০১৬
আজ বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দ শামসুল হক স্মরণসভা
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রয়াণে আমরা এক স্মরণসভার আয়োজন করেছি। তিনি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের সুহৃদ, সকল কর্মে সহযাত্রী ও আমৃত্যু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া তিনি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন
মহাপরিচালক।
স্মরণসভায় সভাপতিত্ব করবেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথির আসন গ্রহণ করবেন এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখবেন নাট্যজন আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক মফিদুল হক ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের কবিতা থেকে পাঠ করবেন হাসান আরিফ ও ত্রপা মজুমদার এবং সম্মেলক গান পরিবেশন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে সকলে আমন্ত্রিত।
তারিখ ও সময়: রবিবার, ৯ অক্টোবর ২০১৬। বিকাল ৫ টা
স্থান: প্রধান মিলনায়তন, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা।
সৈয়দ শামসুল হক
১৯৩৫ – ২০১৬
সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। সাহিত্যের সকল শাখায় তাঁর সৃজনী উৎকর্ষ, বহুমুখীন কর্মের যে উজ্জ্বল স্বাক্ষর তিনি রেখে গেছেন তা বাংলা সাহিত্যের ভুবনকে সমৃদ্ধ করেছে। বিগত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে বাংলাদেশের সাহিত্যে হাতেগোনা যে কয়েকজন আধুনিকতার পথ নির্মাণ করেছিলেন সৈয়দ শামসুল হক ছিলেন তাঁদের মধ্যে অগ্রগণ্য। সাহিত্যের চর্চা ও সাধনা তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়েছিল। তাঁর গদ্যের শৈলী, নাটকের সংলাপ ও কাব্য ভাষার বৈশিষ্ট্য বাংলা সাহিত্যকে নবীন আবেগে দীপিত করেছে Ñ এ ব্যাপারে আজ আর সন্দেহ নেই।
সব্যসাচী এই লেখকের মৃত্যু দেশ ও জাতির জন্য এক বিরাট ক্ষতি। তাঁর সাহিত্যচর্চা সমাজ, সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হল তা সহজে পূরণ হবেনা।
বেঙ্গল ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে তিনি এই সংগঠনের সঙ্গে আমৃত্যু সংশ্লিষ্ট ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত।
…………………………………………………………………………………………………………………………………..
শ্রদ্ধেয় সম্পাদক/বার্তা সম্পাদক/চিফ রিপোর্টার
সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার প্রচার মাধ্যমে যতেœর সঙ্গে প্রচার করলে বাধিত হবো। অনুষ্ঠানের সংবাদ বিবরণী সংগ্রহের জন্য আপনার প্রচার মাধ্যমের একজন প্রতিবেদক ও চিত্রগ্রাহককে সবিশেষ আমন্ত্রণ জানাই।
ধন্যবাদ জানিয়ে,
জাহিদুল হক
ঊর্ধ্বতন ব্যবস্থাপক, সংগীত বিভাগ, বেঙ্গল ফাউন্ডেশন