বার্ষিক সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি
বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি, বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক, আমাদের দীর্ঘদিনের সহকর্মী ও সুহৃদ সুবীর চৌধুরী গত ৩০ জুন ২০১৪ পরলোকগমন করেন। প্রায় চার দশকের কর্মজীবনে বাংলাদেশের চারুকলা চর্চা ও এর বিস্তারে নবীনদের সৃজন এবং চারুশিল্পীদের জন্য দেশে-বিদেশে নানাবিধ সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সুবীর চৌধুরী ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর সম্মানে বেঙ্গল ফাউন্ডেশন তরুণ ও উদীয়মান শিল্পীদের চর্চা ও সাধনায় মাত্রা সঞ্চারের উদ্দেশ্যে বার্ষিক সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি
(Subir Choudhury Practice Grant ) প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছে।
বিস্তারিত জানতে : https://bengalfoundation.org/events_archive/subir-choudhury-practice-grant-for-young-and-emerging-artists/ দেখুন।
আগামী ৩ জুলাই ২০১৫ শুক্রবার বিকাল ৫.১৫টায় বেঙ্গল শিল্পালয়ে সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি ২০১৫/১৬-এর ঘোষণা প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বক্তব্য রাখবেন বরেণ্য চিত্রকর রফিকুন নবী। সুবীর চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদা পারভীন সংগীত পরিবেশন করবেন। আপনি সবান্ধব আমন্ত্রিত।
আবুল খায়ের
চেয়ারম্যান
বেঙ্গল ফাউন্ডেশন
শুক্রবার, ৩ জুলাই ২০১৫, বিকাল ৫.১৫টা
ইফতার সন্ধ্যা ৬.৫৪টা
বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭
ধানমন্ডি, ঢাকা ১২০৯
যোগাযোগ : ০ (২) ৮১২৩১১৫, ৯১১৩১১৫
সুবীর চৌধুরী ১৯৫৩-২০১৪
প্রায় চার দশকের কর্মজীবনে বাংলাদেশের চারুকলা চর্চা ও এর বিস্তারে নব প্রাণশক্তির উন্মেষ এবং শিল্পীদের জন্য দেশে-বিদেশে নানাবিধ সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে সুবীর চৌধুরী ছিলেন নিবেদিতপ্রাণ। শিল্পীদের জন্য তাঁর সহমর্মিতা ও আনুকূল্যে সুস্পষ্ট হয় যখন তিনি ১৯৭৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের দায়িত্ব গ্রহণ করেন। সেই সময় থেকে ২০১৪ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত বেঙ্গল গ্যালারির পরিচালক এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে বাংলাদেশের শিল্পীদের শিল্পচর্চায় সহযোগিতার বহুবিধ উপায়-সন্ধানে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন তিনি। শিল্পীদের বৃত্তি প্রদান, দেশ-বিদেশে চিত্র-প্রদর্শনীর আয়োজন, ক্যাটালগ এবং শিল্পকলা বিষয়ক বিভিন্ন প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা, দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প আয়োজন, শিল্পীদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ, শিল্পবিষয়ক সংলাপ আয়োজনসহ বহুবিধ কর্মে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সর্বোপরি শিল্পী, শিল্পবোদ্ধা, লেখক, সহায়ক প্রতিষ্ঠান ও শিল্পের স্বজনদের সমন্বয়ে একটি শিল্পবলয় গড়ে তুলেছিলেন সুবীর চৌধুরী।
“সৃজন সখা”, সুবীর চৌধুরীর উপর নির্মিত প্রমাণ্য চিত্র, ২০১৫