বিজয় সরকারের গান: বিজয় সরকার (১৯০৩-৮৫) কবিয়াল, গীতিকার ও সুরকার। নড়াইল জেলার ডুমদি গ্রামে ১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন তাঁর জন্ম। তাঁদের পারিবারিক পদবি ‘অধিকারী’, কিন্তু কবিগান করায় তিনি ‘সরকার’ হিসেবে পরিচিতি পান।
বিজয় কিছুদিন স্থানীয় কাছারিতে নায়েবের চাকরি করেন। অবসরে তিনি নানা ধরনের লোকসংগীত চর্চা ও যাত্রাদলে অভিনয় করেন। গোপালগঞ্জের বিখ্যাত কবিয়াল মনোহর সরকারের গান শুনে তিনি তাঁর প্রতি আকৃষ্ট হন এবং দুর্গাপুরে গুরুগৃহে থেকে তালিম নেন। কবিয়াল রাজেন্দ্রনাথ সরকারের কাছেও তিনি কবিগান শেখেন। ১৯২৯ সালে বিজয় সরকার নিজস্ব দল গঠন করে অল্পদিনেই কবিয়াল হিসেবে প্রতিষ্ঠা পান। তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে বিচিত্র ধারার গান রচনা করেন। ভাটিয়ালি সুরে রচিত ধুয়া গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। বিজয় সরকার রচিত সখীসংবাদ ও ধুয়া গানের সংখ্যা প্রায় চারশ। বিশ শতকের প্রথমার্ধে বাংলাদেশে কবিগানের উৎকর্ষ সাধন এবং জনপ্রিয় করার ক্ষেত্রে বিজয়ের অবদান অনস্বীকার্য।