বেঙ্গল গ্যালারীর পরিচালক সুবীর চৌধুরী বর্তমানে গুরুতর অসুস্থ

বেঙ্গল গ্যালারীর পরিচালক সুবীর চৌধুরী বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় অস্ট্রেলিয়ার সিডনিতে একটি হাসপাতালে আছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়, গত বৃহস্পতিবার রাতে বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের তাঁকে দেখার জন্য সিডনির উদ্দেশে রওয়ানা হন।
একটি প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্যে গত মার্চ মাসের শেষে সুবীর চৌধুরী বাংলাদেশের চিত্রশিল্পীদের একটি দল নিয়ে অস্ট্রেলিয়া যান। সেখানে ক্যানবেরায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার সনাক্ত করা হয়। এক পর্যায়ে তাঁকে সিডনির ওয়েস্টমিড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার ডাক্তারদের মতে, সুবীর চৌধুরী প্রচলিত চিকিৎসায় আশানুরূপ সাড়া দিচ্ছেন না। তাই পরিবারের পক্ষ থেকে তাঁকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুবীর চৌধুরীর একমাত্র পুত্র স্থপতি ইমন চৌধুরী উচ্চতর শিক্ষার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আছেন। ক্যানবেরা, সিডনি ও মেলবোর্ন নিবাসী বহু বাঙালি শুভাকাক্সক্ষী সুবীর চৌধুরীর অক্লান্ত সেবা করছেন।
সুবীর চৌধুরীর শারীরিক অবস্থার বিষয়ে বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের সঙ্গে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী ও মনিরুল ইসলামের একাধিকবার আলোচনা হয় এবং আবুল খায়ের দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত করেন যে সুবীর চৌধুরী বেঙ্গল ফাউন্ডেশনের একজন পরিচালক ও ট্রাস্টি, যিনি নিষ্ঠার সঙ্গে ফাউন্ডেশনের প্রতি তাঁর দায়িত্ব পালন করেছেন এবং তাই তিনি পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয় নির্বাহ করার দায়িত্ব বেঙ্গল ফাউন্ডেশনের। তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বেঙ্গল ফাউন্ডেশন বহন করে চলেছে এবং তা অব্যাহত থাকবে। যাবার আগে সুবীর চৌধুরীর স্ত্রীর সঙ্গে আলাপকালে আবুল খায়ের বলেন যে সুবীর চৌধুরীর চিকিৎকার যথোপযুক্ত ব্যবস্থা করা বেঙ্গল ফাউন্ডেশনের নৈতিক দায়িত্ব এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। মিসেস চৌধুরীর সাংসারিক দায়িত্ব পালনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আগামী সোমবার সিডনিতে আবুল খায়ের, কর্তব্যরত ডাক্তার, পুত্র ইমন চৌধুরী, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালি ডাক্তার ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে সুবীর চৌধুরীর শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে কীভাবে এবং কত দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তর করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তাঁর দ্রুত আরোগ্যলাভের জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ করা হলো।

Enter your keyword