নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে আমরা শোকাহত
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে আমরা শোকাহত।
মাসুম আজিজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৮৫ সালে। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করতে দর্শকের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। তিনি দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন।
‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক লাভ করেন।