দৃষ্টিজয়ী সম্মাননা পেলেন আহসান হাবিব
‘যারা প্রতিবন্ধী, তাদের প্রতি সমাজের একটা বিশেষ দায়িত্ব আছে। কিন্তু সেই দায়িত্ব সম্পর্কে আমরা খুব সচেতন নই। সচেতন হলে তাদের কল্যাণে অনেক প্রতিষ্ঠান ও সংগঠন গড়ে উঠত।’ স্পর্শ ব্রেইল প্রকাশনার দ্বাদশ বর্ষপূর্তি ও ব্রেইল প্রকাশনা উৎসব উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি ২০২০ আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান একথা বলেন। স্পর্শ ফাউন্ডেশন রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন স্পর্শের চেয়ারম্যান ও জল পড়ে পাতা নড়ের উপদেষ্টা সম্পাদক নাজিয়া জাবীন। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল চারজন বিশিষ্ট ব্যক্তিকে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য দৃষ্টিজয়ী সম্মাননা প্রদান। এক্ষেত্রে সমাজকর্মে সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয় মো. আহসান হাবিবকে। হাবিব বেঙ্গল পাবলিকেশনসে সহকারি সম্পাদক হিসেবে নিয়োজিত। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের ইশারা ভাষায় একজন সংবাদ উপস্থাপক। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক উন্নয়নে তিনি নিরলস কাজ করে চলেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রযোজনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইশারা ভাষায় উপস্থাপন করেন তিনি। বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের নিয়ে নাটক, কর্মশালার আয়োজন এবং সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষকদের নিয়মিত ইশারা ভাষার প্রশিক্ষণ দিয়ে থাকেন।