Dwijendralal Ray

বাংলা সাহিত্যের অনন্য নাট্যকার, কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশতজন্মবর্ষে তাঁর নানামুখী সৃষ্টিশীলতার পরিচয় তুলে ধরতে বেঙ্গল ফাউন্ডেশন আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ২০১৩, বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। এ উদ্যোগে আমাদের সহযোগী হয়েছে কলকাতার শ্রীঅরবিন্দ ইনস্টিটিউট অব কালচার। প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান।
প্রতিদিনের অনুষ্ঠান দুই পর্বে বিভক্ত। প্রথমে আলোচনা ও পরে গান। প্রথম দিন ‘রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীঅরবিন্দ, দ্বিজেন্দ্রলাল রায় ও দিলীপকুমার রায় : স্বাদেশিকতা, মানবিক চেতনা ও সৃষ্টিশীলতা’ বিষয়ে আলোচনা করবেন শ্রীঅরবিন্দ ইনস্টিটিউটের পরিচালক রঞ্জন মিত্র, পুনের হরেকৃষ্ণ মন্দির ট্রাস্টের সেক্রেটারি শঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশ সরকারের পূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন।
দ্বিতীয় দিন কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জীবন ও কর্মের ওপর আলোকপাত করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। ওই দিন সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের মান্যবর ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।
প্রতিদিনই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের ও কলকাতার শিল্পীরা দ্বিজেন্দ্রগীতি ও সমসাময়িক গীতিকারদের সংগীত, পাঠ ও শ্রুতিনাটক পরিবেশন করবেন।

Enter your keyword