ড. করুণাময় গোস্বামী এবং সুধীন দাশকে নিয়ে স্মরণানুষ্ঠান
বাংলাদেশের দুই প্রবাদপ্রতিম সংগীত ব্যক্তিত্ব, শিক্ষক ও গবেষক ডক্টর করুণাময় গোস্বামী এবং সুধীন দাশকে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা হারিয়েছি। এই দুই কীর্তিমান ব্যক্তিত্ব বেঙ্গল ফাউন্ডেশনের নানা সাংস্কৃতিক কার্যক্রমে আমাদের সঙ্গী ছিলেন। তাঁদের প্রয়াণে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আগামী মঙ্গলবার ১১ জুলাই ২০১৭ ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এই দুই গুণীজনকে নিয়ে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে থাকছে আলোচনা, স্মৃতিচারণ ও সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানে আপনি সবান্ধব আমন্ত্রিত।
– বেঙ্গল ফাউন্ডেশন
স্মৃতিচারণ ও আলোচনা
কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব
আবুল হাসনাত, সম্পাদক ‘কালি ও কলম’
সায়ন্তন গোস্বামী, প্রকৌশলী
সংগীত পরিবেশনা
খায়রুল আনাম শাকিল . লাইসা আহমদ লিসা . নাসিমা শাহীন
ইকবাল সুমন . মফিজুর রহমান . সুপর্না হাসান মিতু
মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
সময় : সন্ধ্যা ৭টা
স্থান : ছায়ানট মিলনায়তন
বাড়ি ৭২, সড়ক ১৫এ, ধানমণ্ডি আ/এ, ঢাকা ১২০৯
যোগাযোগ : ০১৮৪৪০৫০৫৫৬, ০২ ৮১৯১৪১৯
সুধীন দাশ ৩০ এপ্রিল ১৯৩০-২৭ জুন ২০১৭
প্রখ্যাত সংগীতজ্ঞ ও নজরুল গবেষক। জন্ম কুমিল্লার তালপুকুরপারের বাগিচাগাঁওয়ে। বাবা নিশিকান্ত দাশ ও মা হেমপ্রভা দাশের কনিষ্ঠ সন্তান সুধীন দাশের প্রথম তালিম বড়ভাই সুরেন দাশের কাছে। ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তান বেতারে প্রথম গান পরিবেশন করেন। তিনি ছিলেন সুরকার, সংগীত পরিচালক এবং আদর্শ সংগীত শিক্ষক। নজরুলের গানের সংগৃহীত রেকর্ড থেকে করে গেছেন বহুসংখ্যক গানের স্বরলিপি। তাঁর তত্ত্বাবধানে লালনগীতির স্বরলিপিও প্রকাশিত হয়। সুর-সাধনায় নিবেদিত এই সংগীতজ্ঞ একুশে পদকসহ পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা।
ড. করুণাময় গোস্বামী ১১ মার্চ ১৯৪২-৩০ জুন ২০১৭
বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগীত গবেষক করুণাময় গোস্বামীর জন্ম ময়মনসিংহের নান্দাইল উপজেলার গোঁসাই চান্দুরা গ্রামে। বাবা রাসবিহারী গোস্বামী ও মা জ্যোৎস্না রাণী দেবীর প্রথম সন্তান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পাঠশেষে ১৯৬৪ সালে শিক্ষকতা শুরু করেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে। তাঁর কর্মপরিধির বিস্তার ছিল সংগীতজগৎকে কেন্দ্র করে। দীর্ঘ সময় নিয়ে প্রস্তুত করেছেন সংগীতবিষয়ক অভিধান ‘সংগীত কোষ’। তাঁর উদ্যোগে তৈরি হয় অডিও ক্যাসেটের সংকলন ‘বাংলাগানের শ্রুতি ইতিহাস’। প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ‘রবীন্দ্রসংগীত পরিক্রমা’, ‘রবীন্দ্রসংগীত স্বরলিপি’, ‘রবীন্দ্র নাট্যগীতি’, ‘রবীন্দ্রসংগীত কলা’, ‘বাংলাগানের বিবর্তন’, ‘নজরুলগীতি প্রসঙ্গ’ ও ‘অতুলপ্রসাদের গান’। একুশে পদকসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক করুণাময় গোস্বামী।