আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৫ -এর জন্য আবেদন আহ্বান
আমিনুল ইসলাম (১৯৩১-২০১১) এদেশের প্রথম প্রজন্মের একজন উজ্জ্বল চিত্রকর। সৃজন-উৎকর্ষের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন আধুনিকতার পথ নির্মাণে অন্যতম শীর্ষ শিল্পী এবং পঞ্চাশের দশকেই শিল্পানুরাগীদের হৃদয়ে ভিন্ন আসনে অধিষ্ঠিত হন। চিত্রবিদ্যাচর্চায় ও আধুনিকতার জিজ্ঞাসায় তিনি প্রথা ভেঙেই অগ্রসর হয়েছিলেন।
আমিনুল ইসলাম তরুণ ও সম্ভাবনাময় শিল্প-শিক্ষার্থীদের চিত্রশিল্পের বৃহত্তর পথ নির্মাণ ও সৃষ্টির অনুষঙ্গকে উৎসাহিত করতেন। অগণিত শিল্প-শিক্ষার্থীকে তিনি আধুনিকতা ও শিল্প-ভুবনের বৃহত্তর বোধ থেকে পরিগ্রহণে উদ্দীপিত করেছিলেন। নবীন প্রজন্মের শিল্পীদের নব নিরীক্ষার মধ্য দিয়েই দেশের চিত্রশিল্পের ধারা সঞ্জীবিত হয়ে উঠবে – এ তাঁর বিশ্বাস ছিল। সেজন্য তিনি হয়ে উঠেছিলেন একদিকে তরুণ চিত্রশিল্পীদের কাছে শিল্পশিক্ষক, অন্যদিকে শুভার্থী ও বন্ধু।
শিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে ২০১৩ সালে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তন করা হয়। দ্বিবার্ষিক ভিত্তিতে (এক বছর পরপর) চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য ২ (দুই) জন করে তরুণ শিল্পীকে সমমানের ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হয়। এই পুরস্কারের প্রতিটির মূল্যমান অন্যূন টাকা ১,০০,০০০ (এক লাখ)।
প্রতিযোগিতা আহ্বান, প্রদর্শনী আয়োজনসহ পুরস্কার প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বেঙ্গল ফাউন্ডেশন।
বেঙ্গল ফাউন্ডেশন
বেঙ্গল ফাউন্ডেশন শিল্প-সংস্কৃতি পরিচর্যাকারী একটি ট্রাস্ট। আশির দশকে আবুল খায়ের বেঙ্গল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমকালীন চর্চার বার্তা দেশে-বিদেশে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিগত বছরগুলোয় বেঙ্গল ফাউন্ডেশন সংগীত, সাহিত্য, কারুশিল্প, চলচ্চিত্র, স্থাপত্যশিল্প এবং চারুকলা বিষয়ে বহু তৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
বেঙ্গল ফাউন্ডেশন আর্টস প্রোগ্রাম নিয়মিতভাবে শিল্পবিষয়ক বৃত্তি প্রদান, প্রদর্শনী আয়োজন, প্রকাশনা, প্রচার, তথ্য বিস্তার ও গণসংযোগ কার্যক্রমে ব্যাপৃত। আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কারের ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ১০ (দশ) জন শিল্পীর দলীয় প্রদর্শনী আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থেকে বেঙ্গল ফাউন্ডেশন আর্টস প্রোগ্রাম নানাভাবে সমৃদ্ধ হয়েছে।
১। আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কারের জন্য আবেদনকারীর যোগ্যতা
ক. বাংলাদেশের সকল তরুণ শিল্পী, যাঁদের বয়স ৩১ মার্চ ২০১৬ তারিখে ২২ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাঁরা এ-প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
খ. শিল্পীকে বাংলাদেশে মৌলিক, স্বতন্ত্র, সক্রিয়, সৃজনশীল ও ফলপ্রসূ শিল্পচর্চায় নিয়োজিত থাকতে হবে।
গ. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
ঘ. ২০১৪-১৫ সালে যে-কোনো মাধ্যমে সম্পন্নকৃত শিল্পীর শিল্পকর্ম জমা করা যেতে পারে। অসমাপ্ত কাজ এই প্রতিযোগিতার জন্য জমা করা যাবে না।
ঙ. শিল্পীর পক্ষে অন্য কেউ আবেদন করতে পরবেন না।
চ. প্রতিযোগিতায় শিল্পীদের নব নিরীক্ষার ধারা, শিল্পভাষা নির্মাণ, উদ্ভাবন (ইনোভেশন), সমাজ ও সমসাময়িক কালঘনিষ্ঠ চেতনা, সৃজনী শক্তি এবং মৌলিক (অরিজিনাল) চিন্তার প্রয়োগ ইত্যাদি বিষয় বিবেচনা করা হবে।
২। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিল্পীর যা করণীয়
ক। আবেদনপত্র : www.bengalfoundation.org থেকে আবেদনপত্র ডাউনলোড ও পূরণ করে জমা দিতে হবে অথবা পূরণকৃত আবদেনপত্র স্ক্যান করে [email protected] এই ঠিকানায় মেইল করা যেতে পারে। নিশ্চিত করতে হবে যে, আবেদনপত্রে শিল্পীর পুরো নাম (বাংলায় ও ইংরেজিতে), যোগাযোগের ঠিকানা, জন্মতারিখ, ই-মেইল আইডি ও মোবাইল নম্বর এবং শনাক্তকরণের জন্য জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।
খ। ধারণাপত্র concept note) : বাংলায় বা ইংরেজিতে অনধিক ৫০০ (পাঁচশ) শব্দের লিখিত বক্তব্যে আবেদনকারীর কাজ, প্রেরণার উৎস, জিজ্ঞাসা এবং তাঁর বর্তমান শিল্প-প্রচেষ্টার ধারণাপত্র (concept note) সংযুক্ত করতে হবে।
গ। শিল্পকর্ম সম্বন্ধীয় তথ্য : ২০১৪-১৫ সালে সম্পন্নকৃত শিল্পীর সর্বোচ্চ চারটি শিল্পকর্মের ইমেজ, আখ্যা, মাধ্যম, বছর, আয়তন/ মাপ উল্লেখসহ, প্রযোজ্য ক্ষেত্রে ভিডিও, JPEG, DOC, অথবা PDF আকারে, অনধিক ৫-মেগা ফাইল সাইজ, ই-মেইল বা সিডিতে জমা দিতে হবে।
ঘ। প্রত্যয়নপত্র : নিম্নোক্ত প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত থাকতে হবে –
আমি [আবেদনকারীর নাম] ……………………………………………………………………………………….
[ঠিকানা] ……………………………………………………………………………………………………………..
………………………………………………………………………………………………………………………..
এই মর্মে অঙ্গীকার করছি যে, আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৫-এর নিয়মাবলি পড়েছি এবং সেগুলো মেনে চলব। আমি প্রত্যয়ন করছি যে, এই আবেদনপত্রে উল্লিখিত ও আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত/ সংশ্লিষ্ট সকল তথ্য, বক্তব্য এবং ইমেজ সত্য ও নির্ভুল।
তারিখ স্বাক্ষর
ঙ। সাক্ষাৎকার : বিচারকম-লী চাইলে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে শিল্পীর সঙ্গে শিল্পকর্ম নিয়ে আলোচনার জন্য তাঁকে সাক্ষাৎকারে আমন্ত্রণ জানাতে পারেন।
চ। যোগাযোগ : প্রতিযোগিতা সংক্রান্ত সকল যোগাযোগ –
সারওয়ার জাহান চৌধুরী, ঊর্ধ্বতন সমন্বয়ক, মোবাইল +৮৮ ০১৭১১৬৭৯৫৭৪, ল্যান্ডলাইন +৮৮০ ২ ৯১৩৯০৬২ (দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা), বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২ (নতুন), সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি আ/এ, ঢাকা ১২০৯
আবেদনপত্র এই ঠিকানায় ই-মেইল করুন : [email protected]
অথবা ডাক বা কুরিয়ারে এই ঠিকানায় পাঠিয়ে দিন : বেঙ্গল শিল্পালয়, বাসা ৪২, সড়ক ২৭ পুরাতন, ধানমন্ডি আ/এ, ঢাকা -১২০৯
– ই-মেইলের Subject Line -এ অবশ্যই Application for Aminul Islam Young Artist Award ২০১৫ উল্লেখ করতে হবে
– ডাক বা কুরিয়ারে পাঠালে খামের গায়ে অবশ্যই Application for Aminul Islam Young Artist Award ২০১৫ উল্লেখ করতে হবে
৩। সময়সীমা
ক। জমাদানের শেষ তারিখ : প্রতিযোগিতার জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ ২০১৬।
খ। প্রদর্শনীর জন্য মনোনীত ১০ জন শিল্পীর নাম ঘোষণা : ২১ এপ্রিল ২০১৬
গ। পুরস্কারের জন্য মনোনীত শ্রেষ্ঠ দুজনের নাম ঘোষণা : ৩০ এপ্রিল ২০১৬
ঘ। প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ ঘোষণা : ৩০ এপ্রিল ২০১৬
৪। প্রতিযোগিতা, পুরস্কার ও প্রদর্শনী
ক। আবেদনপত্র বাছাইয়ের জন্য ৩ সদস্যের একটি বিচারক পরিষদ গঠন করা হবে।
খ। নির্ধারিত সময়ের মধ্যে বিচারকম-লী প্রাপ্ত শিল্পকর্মসমূহের ধারণাপত্র, ইমেজ ও তথ্যাদি পরীক্ষা করে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য ১০ জন শিল্পী মনোনীত করবেন।
গ। চূড়ান্ত পুরস্কার বিজয়ী নির্বাচনের স্বার্থে প্রদর্শনীর জন্য নির্বাচিত ১০ জন শিল্পীর ৩ বা ৪টি মূল শিল্পকর্ম বিচারকম-লী দেখতে চাইতে পারেন।
ঘ। বিচারকম-লী ১০ জন শিল্পীর সমূহ কাজ (প্রাথমিকভাবে জমাকৃত কাজের ইমেজ ও পরে জমাকৃত মূল শিল্পকর্ম) পর্যায়ক্রমে পরিদর্শন করে সম্মিলিতভাবে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’-এর জন্য ২ (দুই) জন শিল্পী মনোনীত করবেন।
ঙ। ১০ জন শিল্পীর কাজ নিয়ে আয়োজিত প্রদর্শনীর তারিখ শিল্পীদের সঙ্গে আলোচনাক্রমে ৩০ এপ্রিল প্রকাশ করা হবে। প্রদর্শনীটি বেঙ্গল ফাউন্ডেশন-সংশ্লিষ্ট কোনো একটি গ্যালারিতে প্রচলিত নিয়মানুযায়ী অনুষ্ঠিত হবে।
৫। সাধারণ নিয়মাবলি
ক। আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কারের বিচারকমণ্ডলী নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্র পরীক্ষা করে চূড়ান্তভাবে প্রদর্শনীর জন্য ১০ জন শিল্পী মনোনয়ন করবেন। মনোনীত শিল্পীদের নাম ও তাঁদের নির্বাচিত শিল্পকর্মের তালিকা আগামী ২১ এপ্রিল ২০১৬-এর মধ্যে ঘোষণা করা হবে। এই পর্যায়ে নির্বাচিত শিল্পীদের নাম বেঙ্গল ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.bengalfoundation.org এ-প্রকাশ করা হবে এবং ফলাফল ফোনে ও ই-মেইলের মাধ্যমে শিল্পীদের জানানো হবে।
খ। জনসংযোগ, প্রমোশন ও আর্কাইভের স্বার্থে বেঙ্গল ফাউন্ডেশন ও বেঙ্গল গ্যালারিসমূহ প্রতিযোগিতার জন্য জমা দেওয়া যে-কোনো শিল্পকর্মের ইমেজ, ফটোগ্রাফ বা তথ্য মুদ্রণ ও পুনর্মুদ্রণ করতে পারবে এবং সে-ক্ষেত্রে শিল্পী/ ফটোগ্রাফার/ চিত্রনির্মাতার যথাযথ ক্রেডিট উল্লেখ করার বিষয়ে যত্নবান হবে।
গ। প্রতিযোগিতার জন্য জমাকৃত পোর্টফোলিও, ইমেজ, সিডি-ডিভিডি ফেরত দেওয়া হবে না।
ঘ। বেঙ্গল ফাউন্ডেশন কর্র্তৃক গঠিত বিচারকমন্ডলী চূড়ান্ত প্রতিযোগিতার জন্য শিল্পী নির্বাচন, প্রদর্শনীর জন্য শিল্পকর্ম নির্বাচন এবং ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’-এর জন্য শিল্পী মনোনয়নের বিষয়ে সব ধরনের দায়িত্ব ও ক্ষমতাপ্রাপ্ত হবেন এবং তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। অংশগ্রহণকারী শিল্পী অথবা অন্য কারো এ-সম্পর্কে কোনো অভিযোগ বা প্রতিবাদ গ্রহণযোগ্য হবে না।
ঙ। বেঙ্গল ফাউন্ডেশন প্রয়োজনবোধে এই নিয়মাবলি সংশোধন/সম্প্রসারণ করতে পারবে। প্রতিযোগিতায় যাঁরা অংশগ্রহণ করবেন তাঁরা উপরোক্ত নীতিমালা ও প্রয়োজনবোধে পরবর্তীকালে এই নীতিমালার সংশোধন ও সম্প্রসারণ মানতে রাজি বলে বিবেচিত হবেন।