সৈয়দ শামসুল হকের একক কবিতা পাঠ

শিল্পসংগ্রাহক আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহ থেকে শিল্পী এস এম সুলতানের নির্বাচিত চিত্রকর্মের প্রদর্শনী চলছে ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ। শিল্পী সুলতানের মানসভুবন ও শিল্পজগত দর্শকদের কাছে আরো গভীরভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘পরাদৃষ্টি’ শীর্ষক এই প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে কিছু আনুষাঙ্গিক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে আগামী মঙ্গলবার ২৪ জুন, সন্ধ্যা ৬টায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এ আয়োজন করা হয়েছে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের একক কবিতা পাঠের আসর।

সৈয়দ শামসুল হক ২৭ ডিসেম্বর, ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে ‘সব্যসাচী লেখক’ বলা হয় । সৈয়দ শামসুল হক মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনিই সবচেয়ে কম বয়সে এ পুরস্কার লাভ করেছেন।

১৯৫১ সালের মে মাসে ফজলে লোহানী সম্পাদিত ‘অগত্যা’ পত্রিকায় সৈয়দ শামসুল হকের প্রথম গল্প ‘উদয়াস্ত’ প্রকাশিত হয়। ১৯৫৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। এর কিছুদিন পর তার প্রথম উপন্যাস ‘দেয়ালের দেশ’ প্রকাশিত হয়। তার বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যে নীল দংশন,  খেলারাম খেলে যা, আয়না বিবির পালা এবং নিষিদ্ধ লোবান উল্লেখযোগ্য।

নিষিদ্ধ লোবান অবলম্বনে ২০১১ সালে ‘গেরিলা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। সৈয়দ শামসুল হকের উপন্যাস, ছোট গল্প ও কবিতা বাংলাদেশে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত আছে।

ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে ‘পরাদৃষ্টি’ শীর্ষক প্রদর্শনীটি ১৩ জুলাই পর্যন্ত চলবে। সোমবার থেকে শনিবার বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার আর্টস প্রিসিঙ্কট বন্ধ থাকবে। পবিত্র রমজান মাসে প্রিসিঙ্কট-এর সময়সূচি পরিবর্তিত হবে।

 

Source: Prothom Alo

Enter your keyword