কিবরিয়া ছাপচিত্র মেলায় ‘সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও’-এর অংশগ্রহণ

গত দুই বছরের মতো এবারও সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও কিবরিয়া ছাপচিত্র মেলায় অংশগ্রহণ করছে। মেলায় বাংলাদেশ ও ভারতের ১৭ জন শিল্পী – সমরজিৎ রায় চৌধুরী, শাহাবুদ্দীন আহমেদ, রোকেয়া সুলতানা, ফরিদা জামান, মাহবুবুর রহমান, শায়ান চৌধুরী অর্ণব, মুনমুন নাহার, লিজা নাহার, সুবর্ণা মোরশেদা, রুজভেল্ট বেঞ্জামিন ডি’রোজারিও, সুনীল দাস, যোগেন চৌধুরী, গণেশ হালুই, শুভপ্রসন্ন, অর্পণ মুখার্জি -এর নির্বাচিত কিছু ছাপচিত্র প্রদর্শন করবে সফিউদ্দীন স্টুডিও। বিদেশী শিল্পী সোফি নেগ্রিন ও ক্যারেন কুঞ্চের কাজও থাকবে।

১৯ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার বিকেল ৫.৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে তিন দিনব্যাপী কিবরিয়া ছাপচিত্র মেলা ২০১৬ উদ্বোধন করা হবে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বাংলাদেশে আধুনিক ছাপচিত্রের জনক শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ। চল্লিশের দশকে কলকাতা আর্ট স্কুলে অধ্যয়নকালেই তিনি ছাপচিত্রে দক্ষতা অর্জন করেন। তিনি সেই সময়ে কয়েকটি অসাধারণ কাজের জন্য ছাপচিত্রী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং ভারতবর্ষের কলারসিকদের দৃষ্টি আকর্ষণে সমর্থ হন। বেঙ্গল গ্যালারিতে ২০০৮ সালে এই শিল্পগুরু প্রথম একটি একক ড্রইং প্রদর্শনী করেন। সেটিই ছিল দেশে তাঁর প্রথম একক প্রদর্শনী। বেঙ্গল ফাউন্ডেশন ঐতিহ্যবাহী ইতালীয় প্রকাশনা সংস্থা স্কিরার সঙ্গে যৌথভাবে ‘গ্রেট মাস্টার্স অব বাংলাদেশ : সফিউদ্দীন আহমেদ’ শীর্ষক আন্তর্জাতিক মানের একটি গ্রন্থ প্রকাশ করেছে। এই গ্রন্থে তাঁর দীর্ঘদিনের শিল্প চর্চা ও সাধনার পরিচয় বিধৃত হয়েছে। নিভৃতচারী ও শিল্পে নিবেদিতপ্রাণ এই শিল্পীকে শ্রদ্ধা জানানোর জন্য বেঙ্গল ফাউন্ডেশন ২০১২ সালে শিল্পগুরু সফিউদ্দীনের নামানুসারে ‘সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও’ প্রতিষ্ঠা করে।

Enter your keyword