সংবাদ বিজ্ঞপ্তি
বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক ও বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি সুবীর চৌধুরীর মরদেহ অস্ট্রেলিয়ার সিডনি থেকে শুক্রবার দুপুর ১২টায় ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ ধানমণ্ডিস্থ বেঙ্গল শিল্পালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাখা হবে। শিল্পী, লেখক, বন্ধু, সুহৃদ ও সংস্কৃতি অনুরাগীজনসহ সর্বস্তরের মানুষ অন্তিম শ্রদ্ধা জানাতে পারবেন। বেঙ্গল শিল্পালয়ে সন্ধ্যায় সকলের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। পরদিন শনিবার সকাল ১১.৩০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে এবং ২.৩০টা থেকে ৩টা পর্য ন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহ রাখা হবে। বিকেল ৩.৩০টায় সবুজবাগ শ্মশানঘাটে সুবীর চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ১১ জুলাই শুক্রবার বেঙ্গল শিল্পালয়ে বিকেল ৪টায় স্মরণসভা এবং পরদিন ১২ জুলাই শনিবার সকাল ৮টায় ঢাকেশ্বরী মন্দিরে শ্রাদ্ধানুষ্ঠান হবে। উল্লেখ্য, সুবীর চৌধুরী গত ৩০ জুন সকালে অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি মস্তিষ্কের শিরায় ক্যান্সারজনিত জটিলতায় ভুগছিলেন।