চট্টগ্রামে আর্ট গ্যালারি ‘হাটখোলা’র উদ্বোধন

চট্টগ্রামের সার্সন রোডে (১৩/৯/২০১৩ ইং) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আর্ট গ্যালারি ‘হাটখোলা’র। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে গ্যালারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকালে বরেণ্য শিল্পী রফিকুন নবী এর উদ্বোধন করেন। গ্যালারির পাশাপাশি এখানে রয়েছে সম্মেলন কেন্দ্র ও ক্যাফে।
আলোকচিত্রী শিল্পী শোয়েব ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক শিক্ষাবিদ মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হাটখোলার সমন্বয়ক ইউসুফ মুহম্মদ। রফিকুন নবী বলেন, চট্টগ্রাম দেশের সংস্কৃতিচর্চার অন্যতম তীর্থস্থান। দেশের শিল্প আন্দোলনে যাঁদের ভূমিকা রয়েছে, তাঁদের মধ্যে চট্টগ্রামের মানুষ নেহাত কম না। হাটখোলা চট্টগ্রামে সংস্কৃতিচর্চায় অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উদ্বোধনী দিনে গ্যালারিতে ১০ জন তরুণ শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। বিকেলে ছিল শিল্পকর্মবিষয়ক আলোচনা ও সংগীতানুষ্ঠান।

Enter your keyword